কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১২ নভেম্বর, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মৎস্য চাষীদের নিয়ে ‘মাছের অভয়াশ্রম ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ৪০ জন মৎস্য চাষী অংশ নেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সননামত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সননামত বলেন, “দেশীয় মাছের অবাধ বংশবৃদ্ধির জন্য নদী ও খালের অভয়াশ্রমগুলোতে মাছের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে মা মাছ নিধন থেকে সবাইকে বিরত থাকতে হবে।” তিনি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বনের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করলে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। এ জন্য পুকুর বা জলাশয়ের পানির গুণগত মান রক্ষা এবং সুষম খাদ্য ব্যবহারের কোনো বিকল্প নেই।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, “প্রাকৃতিক মৎস্য প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে অভয়াশ্রমগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। সরকারি নীতিমালা উপেক্ষা করে কেউ অবৈধ জাল বা ক্ষতিকর উপায়ে মাছ শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

দিনব্যাপী এই প্রশিক্ষণে চাষীদের মাছের উৎপাদন বৃদ্ধি, রোগবালাই প্রতিরোধ ও অভয়াশ্রম সুরক্ষার নানা দিক সম্পর্কে বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।