এমপি নুসরাতের বাড়িতে যেভাবে আগুন দিল দুর্বৃত্তরা, ধরা পড়ল সিসিটিভিতে

অনলাইন ডেস্কঃ
১২ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ এএম
শেয়ার করুন:
এমপি নুসরাতের বাড়িতে যেভাবে আগুন দিল দুর্বৃত্তরা, ধরা পড়ল সিসিটিভিতে

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির টিনশেড অংশের পাঁচটি কক্ষ ভস্মীভূত হয়েছে এবং আগুনে পুড়ে দুটি ছাগলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার ডাংমড়কা এলাকার বাগুয়ান গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড ঘরের পাশেই একটি তিনতলা ভবন রয়েছে। ওই ভবনের তৃতীয় তলায় তাঁর পরিবারের সদস্যরা বসবাস করেন। গভীর রাতে দুর্বৃত্তরা টিনশেড ঘরটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে টিনশেডের আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির টিনশেড ঘর লক্ষ্য করে একের পর এক চারটি পেট্রোল বোমা ছুড়ে মারছে। বোমা বিস্ফোরণের পরপরই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এমপি নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক জানান, তাঁদের বাড়ি লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়টি বাড়ির সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে। তবে জড়িতদের মুখ স্পষ্ট না হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, মধ্যরাতে আগুনের তীব্রতা ও চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই গ্রামবাসী সম্মিলিতভাবে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর রাত ১২টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও সামগ্রিক বিষয়ে তদন্ত চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ঘরটি মূলত গবাদিপশু ও জিনিসপত্র রাখার কাজে ব্যবহৃত হতো। আগুনে দুটি ছাগল মারা গেলেও ঘরের গরুগুলো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।