বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১১ নভেম্বর, ২০২৬ ৫:২৪ পিএম
শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন

নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা প্রদান এবং অসম্মান করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, আত্রাই উপজেলা কমান্ডের যৌথ উদ্যোগে ‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়। 

কর্মসূচিতে ব্যানার, প্ল্যাকার্ড, জাতীয় ও লাল পতাকা হাতে নিয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান এবং সাধারণ মানুষ অংশ নেন। 

আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. আনিসুর রহমান বুলু, বীর মুক্তিযোদ্ধা মো. আফিল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তীব্র ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাঁরা বুকের রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের মৃত্যুর পর জানাজা ও দাফনে বাধা দেওয়া এবং অসম্মান প্রদর্শন করা চরম লজ্জাজনক ও ক্ষমার অযোগ্য অপরাধ।” তিনি অবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বীর মুক্তিযোদ্ধারা নীরব দর্শক হয়ে বসে থাকবে না বলে তিনি সতর্ক করে দেন। 

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন ও অসম্মান করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ। অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।