ভ্রাম্যমাণ আদালতের আতঙ্কে একযোগে মিষ্টির দোকান বন্ধ, নগরকান্দায় ক্রেতাদের সন্দেহ

স্টাফ রিপোর্টারঃ
১১ নভেম্বর, ২০২৬ ৬:১৪ পিএম
শেয়ার করুন:
ভ্রাম্যমাণ আদালতের আতঙ্কে একযোগে মিষ্টির দোকান বন্ধ, নগরকান্দায় ক্রেতাদের সন্দেহ

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আশঙ্কায় একযোগে বেশ কয়েকটি মিষ্টির দোকান বন্ধ রাখার ঘটনা ঘটেছে। প্রশাসনের অভিযানের খবরে দোকানদারদের হঠাৎ এমন পদক্ষেপে সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র সন্দেহের সৃষ্টি হয়েছে। ক্রেতাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির বিষয়টি আড়াল করতেই ব্যবসায়ীরা তড়িঘড়ি দোকান বন্ধ করেছেন। 

বুধবার (১১ নভেম্বর) সকালে সরেজমিনে নগরকান্দা সদর বাজারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি মিষ্টির দোকানের সাটার নামানো। বন্ধ থাকা দোকানগুলোর মধ্যে রয়েছে—রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার, বাগাট মিষ্টান্ন ভান্ডার, ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার, শান্তনু মিষ্টান্ন ভান্ডার, সাহা মিষ্টান্ন ভান্ডার ও রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার।

স্থানীয় ক্রেতাদের অভিযোগ, বাজারের কয়েকটি মিষ্টির দোকানে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ও ভেজাল উপাদান দিয়ে মিষ্টি তৈরি ও বিক্রি করা হচ্ছে। সকালে ভ্রাম্যমাণ আদালত কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়লে জরিমানার ভয়ে দোকানিরা দ্রুত দোকান বন্ধ করে সটকে পড়েন। সাধারণ ক্রেতারা বলছেন, মিষ্টি তৈরিতে অনিয়ম না থাকলে প্রশাসনের নিয়মিত অভিযানকে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না।

হঠাৎ দোকান বন্ধের কারণ জানতে শান্তনু মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রীবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে অভিযান চালানো হতে পারে—এমন খবর পেয়েই দোকান বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “ভ্রাম্যমাণ আদালতের অভিযান কখন বা কোথায় পরিচালিত হবে, তা আগে থেকে জানিয়ে করা হয় না; জনস্বার্থে যেকোনো সময়ই অভিযান হতে পারে। তবে আজ ব্যবসায়ীরা কেন হঠাৎ দোকান বন্ধ রাখলেন, সে বিষয়ে প্রশাসন অবগত নয়। তাদের এমন আচরণ নতুন করে সন্দেহের জন্ম দিয়েছে।”

এদিকে ক্রেতা ও স্থানীয় সচেতন মহলের দাবি, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই মিষ্টি তৈরির পরিবেশ, ব্যবহৃত উপকরণের মান ও সংরক্ষণ পদ্ধতি নিয়মিত তদারকি করা অত্যন্ত জরুরি। বন্ধ রাখা দোকানগুলোসহ বাজারের প্রতিটি মিষ্টির দোকানে দ্রুত সরেজমিনে তদন্ত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।