পত্রিকার নাম ও নিবন্ধন জালিয়াতি: ফরিদপুরে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন:
পত্রিকার নাম ও নিবন্ধন জালিয়াতি: ফরিদপুরে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

ফরিদপুরে একটি দৈনিক পত্রিকার নাম, নিবন্ধন নম্বর ও প্রতীক (লোগো) অবৈধভাবে ব্যবহার করে জালিয়াতি এবং ভুয়া বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরের জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কোতোয়ালী আমলী আদালত) অভিযোগটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সোমবার আদালতে সশরীরে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন ‘দৈনিক আজকের সারাদেশ’ (রেজি. নং-৫৬৮) পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম। মামলায় ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা শেখ ফয়েজ আহমেদকে একমাত্র আসামি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, আসামি শেখ ফয়েজ আহমেদ বাদীর কোনো প্রকার অনুমতি বা সম্মতি ছাড়াই পত্রিকাটির নাম ও সরকারি নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে ‘ভারপ্রাপ্ত সম্পাদক’ দাবি করেন। একই সঙ্গে তিনি পত্রিকার মালিকানা হস্তান্তরের একটি ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং এ সংক্রান্ত বিভ্রান্তিকর আবেদনপত্র জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরে পাঠান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পত্রিকার মনোগ্রাম ব্যবহার করে ভুয়া পেজ খুলে প্রতারণামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগও আনা হয়েছে। 

উল্লেখ্য, অভিযুক্ত শেখ ফয়েজ আহমেদ সাম্প্রতিক বৈষম্যবিরোধী জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামিও।

মামলার বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন জানান, অনুমতি ছাড়া পত্রিকার নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে অপপ্রচার ও বিভ্রান্তি তৈরি করা মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞ আদালত বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে সিআইডিকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং আসামি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।