ফরিদপুরে একদিনে আরও ৩১ জন হামে আক্রান্ত, মোট শনাক্ত ছাড়াল ৭ হাজার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১:২০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে একদিনে আরও ৩১ জন হামে আক্রান্ত, মোট শনাক্ত ছাড়াল ৭ হাজার

ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫৪ জনে। তবে এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলায় এখন পর্যন্ত হামে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া ৩১ জন রোগীকেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সুস্থ হওয়ায় হাসপাতালটি থেকে ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে সেখানে ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি না হলেও আগে থেকেই সেখানে ৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। ফলে জেলার এই দুটি সরকারি হাসপাতালে বর্তমানে মোট ১২১ জন হাম রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা সন্দেহভাজন রোগীদের মধ্যে ২৪ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ৭ জন আশপাশের অন্যান্য জেলা থেকে এসেছেন।

এদিকে উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, শনাক্ত হওয়া রোগীদের মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।