শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৩১ অক্টোবর, ২০২৬ ২:১২ পিএম
শেয়ার করুন:
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা বা ‘শূন্যপাস’ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কীভাবে সংশোধন করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে পার্শ্ববর্তী সফল কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত (মার্জ) করার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ কারণে কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে তিনি আশ্বস্ত করেছেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবারের ফলাফল আশানুরূপ হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ফলাফল সন্তোষজনক হয়নি। পাসের হার কমার পেছনে কোথায় কী ঘাটতি রয়েছে, তা আমাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত সমাধান করতে হবে। এবার মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। তাদের ক্ষতি পুষিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলেন, “শূন্যপাস করা প্রতিষ্ঠানগুলোকে কীভাবে কার্যকর করা যায়, তা আমরা ভেবে দেখব। পাশের কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এগুলোকে মার্জ করা যায় কি না, সে বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে এতে সংশ্লিষ্ট শিক্ষকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই; তাঁদের চাকরি যাবে না।”

অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দিয়ে তিনি জানান, ফেল করা শিক্ষার্থীদের কতদিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে। সাধারণত শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এক মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজন করা যায় কি না, তা সক্রিয়ভাবে ভাবা হচ্ছে।

পরীক্ষার খাতা মূল্যায়ন প্রসঙ্গে ড. এহছানুল হক মিলন বলেন, “গত এসএসসি পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণের (রি-এক্সামিন) ফলে অতিরিক্ত ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। এইচএসসির ক্ষেত্রেও একইভাবে সতর্কতার সঙ্গে খাতা পুনঃমূল্যায়ন করা হবে। কোনো পরীক্ষার্থী যেন কোনোভাবেই অবমূল্যায়ন কিংবা বৈষম্যের শিকার না হয়, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে।” 

শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ে আগামী দিনে শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক ফলাফল আরও ভালো করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।