গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও বিএনপি নেতাকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ট্রাকচালক মো. মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাড়াখালি এলাকায় অভিযান চালিয়ে মাজহারুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মাজহারুল বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাত আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুই ব্যক্তিকে তল্লাশি করছিলেন কালীগঞ্জ থানার পুলিশ সদস্যরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা (৪৫)।

পরবর্তীতে রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশের পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকটি থামানোর চেষ্টা করেন এসআই মো. মিজানুর রহমান। কিন্তু চালক না থেমে গাড়ির গতি বাড়িয়ে দেন। ফলে মিজানুর রহমান ট্রাকের সামনের অংশে ঝুলে পড়েন এবং চালক তাঁকে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে মহাসড়কে ফেলে পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৪৭ মিনিটে তাঁরও মৃত্যু হয়। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৮-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার জানান, দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই দ্বৈত হত্যাকাণ্ডের প্রধান আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-১ ও এসআরবি-৮ ছায়া তদন্ত শুরু করে এবং যৌথ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এসআরবি সদস্যরা মাজহারুলকে থানায় হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় পাঠানো হয়েছে।