রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
৩০ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ পিএম
শেয়ার করুন:
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হলো ফরিদপুরের সালথার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামের বাগবাড়ি জামে মসজিদে জানাজা শেষে সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

এর আগে দেশের এই বীর সূর্যসন্তানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উপস্থিতিতে সালথা থানা-পুলিশ ও ফরিদপুর পুলিশ লাইন্সের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

জানা যায়, সুস্থ থাকা অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সালথা সদর বাজারে ব্যবসা করতেন। প্রায় দেড় বছর আগে ব্রেন স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী ছিলেন। 

জাতির এই শ্রেষ্ঠ সন্তানের মৃত্যুতে তাঁর পরিবার, সহযোদ্ধা ও গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।