দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২ আগস্ট, ২০২৬ ২:২৫ পিএম
শেয়ার করুন:
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় দুই পা হারানো এক অসহায় ব্যক্তির স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে সামাজিক সংগঠন মানবিক সংগঠন সদরপুর। সংগঠনটির উদ্যোগে পঙ্গু সত্তার খানের জন্য ‘মানবিক স্টোর’ নামে একটি চা ও মুদি দোকান স্থাপন করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সদরপুর উপজেলার নয়রশি নতুন বাজার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে দোকানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মানবিক সংগঠন সদরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সহযোগী উপদেষ্টা বিল্লাল হোসেন, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সদরপুর উপজেলার চর ব্রাহ্মন্দী গ্রামের বাসিন্দা সত্তার খান একসময় কাঠের ফার্নিচারের ডিজাইনের কাজ করতেন। প্রায় পাঁচ বছর আগে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পর্যায়ক্রমে অস্ত্রোপচারের মাধ্যমে তার দুই পা কেটে ফেলতে হয়। এরপর থেকে স্ত্রী ও চার কন্যাকে নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন করছিলেন। অন্যের সহযোগিতার ওপর নির্ভর করেই চলছিল তার পরিবারের জীবিকা।

পরিবারের দায়িত্ব পালনের জন্য সত্তার খান একটি ছোট চায়ের দোকান দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি ঋণ বা হাওলাতের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে কিস্তিতে টাকা উত্তোলন করে   দোকান করার চিন্তা করলে বিষয়টি মানবিক সংগঠন সদরপুরের প্রতিষ্ঠাতা সভাপতির নজরে আসে। এরপর সংগঠনটি তার জন্য একটি পূর্ণাঙ্গ চা ও মুদি দোকানের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করে।

সংগঠনের নেতারা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই মানবিক সংগঠন সদরপুরের মূল লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে গত সাত বছরে সংগঠনটি বহু অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।