টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে আহত নগরকান্দার কৃতি সন্তান সেনা সদস্য তিতাস শেখের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অনলাইন ডেস্কঃ
৬ নভেম্বর, ২০২৬ ১০:৫০ এএম
শেয়ার করুন:
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে আহত নগরকান্দার কৃতি সন্তান সেনা সদস্য তিতাস শেখের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় যৌথবাহিনীর অভিযান চলাকালে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মো. তিতাস শেখ (২৭) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে এ ঘটনা ঘটে। অভিযানে জিম্মি দশা থেকে ৫৭ জনকে জীবিত উদ্ধার এবং পাচারকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়, রঙ্গীখালীর গহিন পাহাড়ে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র পাচারকারী চক্র প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি শুরু হয়। এরপর বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে আস্তানা থেকে সশস্ত্র পাচারকারীরা অতর্কিত এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। 

তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে। তাঁর বাবার নাম আফজাল হোসেন। তিতাস শেখ বিবাহিত ছিলেন।

অভিযানের পর ঘটনাস্থল থেকে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে মুক্ত করা হয় এবং চক্রের পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া আস্তানা তল্লাশি করে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ আহত হন এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। অপরাধীদের দমনে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।