আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবারের মুখে হাসি: বিনামূল্যে মিলল হাঁস-মুরগি, বুনছে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৫ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় ১৬১ অসহায় পরিবারের মুখে হাসি: বিনামূল্যে মিলল হাঁস-মুরগি, বুনছে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

চরাঞ্চলের দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৬১টি পরিবারের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। সরকারি এই সহায়তা পেয়ে নতুন করে বাঁচার ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কাঞ্চন একাডেমি প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। 

উপজেলার গোপালপুর ও টগরবন্দ ইউনিয়নের চরাঞ্চল থেকে নির্বাচিত ১৬১টি অসহায় পরিবারের মধ্যে ৭৫ জনকে ২১টি করে মুরগি এবং ৮৬ জনকে ২৫টি করে হাঁস দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, "হাঁস-মুরগি পালনের মাধ্যমে গ্রামীণ অসহায় পরিবারগুলো খুব সহজেই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ও কার্যকর ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, "সঠিক পরিচর্যা ও রোগবালাই প্রতিরোধের নিয়ম মেনে চললে হাঁস-মুরগি পালন দারিদ্র্য দূরীকরণের অন্যতম হাতিয়ার হতে পারে। এ বিষয়ে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও সার্বিক পরামর্শ প্রদান অব্যাহত থাকবে।"

বিনামূল্যে হাঁস-মুরগি পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাভোগীরা। তারা জানান, এই অনুদান তাদের সংসারে বাড়তি আয়ের বড় একটি পথ তৈরি করবে। হাঁস-মুরগিগুলো যত্নসহকারে লালন-পালন করে নিজেদের দারিদ্র্য ঘোচানোর আশাবাদ ব্যক্ত করেন তারা। 

প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগে নদীভাঙনকবলিত চরাঞ্চলের মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।