থানচিতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: পর্যটক নিরাপত্তা ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
২৯ অক্টোবর, ২০২৬ ৬:১৪ পিএম
শেয়ার করুন:
থানচিতে আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা: পর্যটক নিরাপত্তা ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকদের সার্বিক নিরাপত্তা জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি জনগুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—উপজেলায় আগত পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা, রাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে সিকিউরিটি লাইট স্থাপন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার প্রসার এবং সরকারি কৃষি জমি অবৈধ দখলমুক্ত রাখা। 

এছাড়া থানচি মডেল মসজিদের কার্যক্রম ত্বরান্বিত করা, এলজিইডির আওতাধীন টিএনটি পাড়া মসজিদে বরাদ্দকৃত অর্থ ছাড় সংক্রান্ত জটিলতা নিরসন এবং উপজেলা পরিষদের অধীনস্থ বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) মো. আবু হানিফ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মসফিকুর রহমান।

আইন-শৃঙ্খলা ও স্থানীয় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে সভায় আরও বক্তব্য দেন থানচি থানার ওসির প্রতিনিধি এসআই বাসুদেব, বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম)।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।