আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, স্বজনদের খুঁজছে পুলিশ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:১৩ পিএম
শেয়ার করুন:
আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, স্বজনদের খুঁজছে পুলিশ

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। উদ্ধারকৃত শিশুরা হলো—মো. রাফু (১১) ও জিহাদ (১০)। 

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করা হয়। বর্তমানে শিশু দুটি আত্রাই থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদে রয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের মৃত আলহাজ্ব ও মোছা. বিলকিস বেগম দম্পতির এই দুই সন্তানকে ‘সুজন’ নামের এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে কৌশলে তাদের আত্রাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ফেলে রেখে পালিয়ে যান ওই ব্যক্তি। 

এদিকে দীর্ঘ সময় প্ল্যাটফর্মে কান্নাকাটি ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে উপস্থিত লোকজন এগিয়ে গিয়ে শিশু দুটির সাথে কথা বলেন। তবে তারা নিজেদের ও মায়ের নাম এবং গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ ঠিকানা বলতে পারছিল না। কোনো উপায় না পেয়ে স্থানীয় সচেতন নাগরিকরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, “স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানা হেফাজতে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ রয়েছে। তাদের পরিবার ও আত্মীয়-স্বজনের সন্ধান পেতে পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ও যোগাযোগ শুরু করেছে।”

তিনি আরও জানান, কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই শিশু দুটি কিংবা তাদের পরিবারের পরিচয় জেনে থাকেন, তবে অনতিবিলম্বে আত্রাই থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।