এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের পদচারণায় নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে উপজেলার ১১ নম্বর গুনবহা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্ভাব্য প্রার্থীরা আগেভাগেই মাঠে নেমে পড়েছেন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে প্রার্থীরা ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন, চালাচ্ছেন গণসংযোগ ও উঠান বৈঠক। ফলে স্থানীয় রাজনীতিতে বইছে নির্বাচনী হাওয়া, সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার সর্বত্র এখন আলোচনার কেন্দ্রবিন্দু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করছেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুনবহা ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম আলোচনায় রয়েছে:
অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ: বিগত নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে ‘চশমা’ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি। বর্তমানে তিনি বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। আসন্ন নির্বাচনেও তিনি বিএনপির দলীয় সমর্থন ও মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী এবং সে লক্ষ্যেই নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
আবুল বাশার বিপ্লব: জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দলের সহ-সভাপতি আবুল বাশার বিপ্লব নির্বাচনের মাঠে জোরেশোরে গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে তিনি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। উল্লেখ্য, তিনি বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামের আপন ছোট ভাই। তবে তিনি সাধারণ মানুষকে সাথে নিয়ে ভাইয়ের বিরুদ্ধেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে দৃঢ় প্রত্যয়ী।
আমিনুল ইসলাম: সাবেক এই ইউপি চেয়ারম্যান প্রার্থী অতীতেও একাধিকবার নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তিনি মাঠে সক্রিয় থেকে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
ডা. খলিল হোসেন (গ্রাম ডাক্তার): গত নির্বাচনে অংশ নিয়ে সম্মানজনক ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। এবার তিনি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী হয়ে আগেভাগেই মাঠে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
আলমগীর হোসেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন। ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগের পাশাপাশি মসজিদে মুসল্লিদের সাথে মতবিনিময় ও দোয়া প্রার্থনার মাধ্যমে তিনি ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
মফিজুর কাদের খান মিল্টন: বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মফিজুর কাদের খান মিল্টন তৃণমূলের মানুষের মাঝে বেশ সক্রিয়। তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করছেন এবং অসহায়-দুস্থ মানুষদের নিয়মিত আর্থিক সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াচ্ছেন। তৃণমূলের মানুষের সেবা করাই তার মূল লক্ষ্য বলে তিনি জানান।
রেজাউল করিম রাজা: স্বনামধন্য ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম রাজাও চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন। একজন ‘ক্লিন ইমেজ’ বা পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে তিনি সাধারণ ভোটারদের মাঝে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং নিয়মিত জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
দাউদুজ্জামান দাউদ: জেলা যুবলীগ নেতা দাউদুজ্জামান দাউদও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে আলোচনায় রয়েছেন।
উল্লেখ্য, ফরিদপুরের বোয়ালমারী উপজেলাটি একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ১১ নম্বর গুনবহা ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েব পোর্টালের তথ্য অনুযায়ী, এ ইউনিয়নের বর্তমান জনসংখ্যা প্রায় ৩০ হাজার ২৮৮ জন। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর হালনাগাদ ভোটার সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
নির্বাচনের তফসিল ঘোষণা হতে এখনও বাকি থাকলেও গুনবহা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের আগাম দৌড়ঝাঁপ, পোস্টার-ব্যানার ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় পুরো এলাকা এখন থেকেই নির্বাচনী আমেজে মুখরিত।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৩০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।