ফরিদপুরে একদিনে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত, মোট শনাক্ত ছাড়াল ১৭০০

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৩০ অক্টোবর, ২০২৬ ৪:৪৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে একদিনে ৩২ জন ডেঙ্গু আক্রান্ত, মোট শনাক্ত ছাড়াল ১৭০০

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ২৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালেই সর্বোচ্চ ১৪ জন রোগী ভর্তি হন। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে এবং নগরকান্দায় ১ জন রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি বেসরকারি ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ১ হাজার ৭৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৬৭৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১১০ জন চিকিৎসা নিয়েছেন। 

শনাক্ত রোগীদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭১৬ জন। যার মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৬৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৪ জন সুস্থ হয়েছেন। জেলায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা জানান, এডিস মশার বিস্তার ঠেকাতে বাসা-বাড়ি ও আঙিনা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোনো পাত্র, ফুলের টব বা ড্রেনে যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।