বোয়ালমারীতে মায়ের চোখের সামনেই ভ্যান দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১১:২০ এএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে মায়ের চোখের সামনেই ভ্যান দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের চোখের সামনেই অটোভ্যান দুর্ঘটনায় বায়েজিদ শেখ (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বায়েজিদ উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক মিল্টন শেখের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সঙ্গে বাবার অটোভ্যানে চড়ে একটি সামাজিক অনুষ্ঠানের (জিয়াফত) দাওয়াতে যাচ্ছিল বায়েজিদ। পথিমধ্যে দাদপুর ইউনিয়নের গণি খাঁর মোড়ে পৌঁছালে দ্রুতগতির ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বায়েজিদ ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায়। এ সময় তার মা বাতাসী বেগম সড়কের পাশের ধানখেতে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু বায়েজিদকে মৃত ঘোষণা করেন। চোখের সামনে সন্তানের এমন করুণ মৃত্যুতে মা বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন; এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শিমুল বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে এটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।