কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৩১ অক্টোবর, ২০২৬ ১১:২৩ এএম
শেয়ার করুন:
কাউখালীতে ফুটপাত দখল করে ব্যবসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বাজারের সাপ্তাহিক হাটের দিনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।

আদালত সূত্রে জানা যায়, ফুটপাত দখল করে পণ্য রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ বাজারের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ফুটপাতের ওপর নিজেদের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ফলে পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ না পেয়ে বাধ্য হয়ে ব্যস্ত মূল সড়ক ব্যবহার করছিলেন। কাউখালী বন্দর এলাকার এমনিতে সংকীর্ণ সড়কে এর প্রভাবে তীব্র যানজটের সৃষ্টি হতো এবং পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, "ফুটপাত জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয়। কোনো ব্যবসায়ী যেন ফুটপাতে মালামাল রেখে চলাচলে বিঘ্ন না ঘটান, সে বিষয়ে সবাইকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ ফুটপাত দখলের পুনরাবৃত্তি করলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।