ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প, যুক্ত হলো জাতীয় গ্রিডে

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৫ অক্টোবর, ২০২৬ ২:৫৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলা পরিষদে ৬০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প, যুক্ত হলো জাতীয় গ্রিডে

সরকারি ভবনের ছাদে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এক অনন্য নজির স্থাপন করেছে ফরিদপুর জেলা পরিষদ। জেলা পরিষদের দুটি ভবনের ছাদে স্থাপিত ৬০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ‘নেট মিটারিং’ পদ্ধতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, দেশের কোনো জেলা পরিষদ পর্যায়ে পরিচ্ছন্ন জ্বালানি সম্প্রসারণে এটি একটি উল্লেখযোগ্য ও প্রশংসনীয় উদ্যোগ।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত এই প্রকল্পের বিষয়ে বৃহস্পতিবার ফরিদপুর জেলা পরিষদ ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো-১) ফরিদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রকল্পের আওতায় জেলা পরিষদের প্রকৌশল শাখা ভবনের ছাদে ৪০ কিলোওয়াট এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ‘মার্শ পাওয়ার টেকনোলজি লিমিটেড’ সম্পূর্ণ প্ল্যান্টটি স্থাপন করেছে। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর প্রতিষ্ঠানটি এই প্ল্যান্টের সার্বিক মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে জানান, নেট মিটারিং পদ্ধতিতে উৎপাদিত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় সরকারি স্থাপনায় পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি সরকারি ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদনের যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা ভবিষ্যতে অন্যান্য দপ্তরের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

চুক্তি স্বাক্ষর ও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রণব চন্দ্র দেবনাথ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ শহীদুল ইসলাম, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়াল ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রবীর কান্তি বালাসহ জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।