মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১১:০১ পিএম
শেয়ার করুন:
মোহাম্মদপুরে এবার ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে রাজনৈতিক দল এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজের ব্যক্তিগত সহকারী রাব্বি আল রাফসানের কাছ থেকে একটি দামি আইফোন ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন জনতা বাজারের সামনে, ইউল্যাব ক্যাম্পাসের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাব্বি আল রাফসান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মাস্টার্সের শিক্ষার্থী এবং ববি হাজ্জাজের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। 

ঘটনার বিবরণ দিয়ে রাব্বি আল রাফসান জানান, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশ নিতে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে একটি অটোরিকশায় করে তিনি ক্যাম্পাসে যাচ্ছিলেন। ক্যাম্পাসের কাছাকাছি পৌঁছালে অপর একটি অটোরিকশা এসে তাঁর রিকশার গতিরোধ করে। মুহূর্তের মধ্যে ওই রিকশা থেকে চারজন ব্যক্তি নেমে চাপাতি ঠেকিয়ে তাঁর কাঁধের ব্যাগ ও পকেটে থাকা আইফোনটি (১৭ প্রো ম্যাক্স মডেল) ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা তাঁকে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। এতে তিনি ডান হাতে গুরুতর আঘাত পান। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন।

এ ঘটনায় ভুক্তভোগী রাফসান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে এবং ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই এলাকায় ছিনতাইবিরোধী অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।