‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

অনলাইন ডেস্কঃ
২৮ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম
শেয়ার করুন:
‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

বিদেশে অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের মোহন নামের এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি পলাতক নেতাদের উদ্দেশে বলেন, *‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না।’*

গত বুধবার (২৫ নভেম্বর) থেকে তাঁর বক্তব্যের এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মোহনকে বলতে শোনা যায়, দল ক্ষমতায় থাকাকালে যারা পদ-পদবি ও যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন, দলের কঠিন সময়ে তারা বিদেশে পালিয়ে গেছেন। সেখানে বসে তারা দেশে থাকা নেতাকর্মীদের নানা কর্মসূচির নির্দেশ দিচ্ছেন।

ডিসেম্বরে দেশে ফেরার প্রসঙ্গ টেনে পলাতক নেতাদের উদ্দেশে তিনি বলেন, “দল ক্ষমতায় থাকতে তোরা আমাকে মামলায় জড়িয়েছিলি। এখন বিদেশে পালিয়ে গেলি কেন? ডিসেম্বরের অল্প কয়দিন বাকি আছে, তোরা আসছিস না কেন? তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না, নেত্রীর জন্য কাজ করতে হবে না। তোরা পদ-পদবি নিয়ে সব সুবিধা নিয়েছিলি। তোদের দেওয়া দলীয় মামলাই এখনো টানতে হচ্ছে। এখন এই পরিস্থিতিতে জামায়াত-বিএনপির মামলা সামলাব, নাকি তোদের দেওয়া মামলা চালাব? এখন বিদেশে বসে লিয়াজোঁর কথা বলছিস।”

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে মোহন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, দলের সুবিধাভোগী নেতারা তৃণমূলের কর্মীদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন এবং প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ মামলায় জড়িয়েছেন। বর্তমানে দলের সংকটকালে সেই নেতারাই বিদেশে নিরাপদ আশ্রয়ে থেকে দেশে থাকা কর্মীদের ওপর চাপ সৃষ্টি করছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।