গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৪ পিএম
শেয়ার করুন:
গোপালগঞ্জে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ঢাকা থেকে পিরোজপুর আসার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন,পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আহত ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাব্বির।

সাব্বিরের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। এ সময় ওই ব্যক্তি তার ফেসবুকের পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন।পরে বাসটি গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি পৌঁছালে ওই ব্যক্তি ফোনে কথা বলতে বলতে বাসটি থামান। এ সময় ১৫ থেকে ২০ জন যুবক বাসে উঠে তাকে জোর করে নামিয়ে নেন। পরে মোটরসাইকেলে করে তাকে পুলিশ লাইন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন স্থানে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তার পকেটে থাকা নগদ ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এরপর অভিযুক্ত ব্যক্তিরা তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়।

এক পর্যায়ে তাকে দিয়ে জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে তাকে বলতে বাধ্য করা হয়, 'আমি ছাত্রদলের রাজনীতি করি না, এই রাজনীতি থেকে সরে গেলাম'। এরপর ভিডিওটি তার ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এ ছাড়া ফেসবুক পোস্টে 'ছাত্রদলের রাজনীতি থেকে সরে গেলাম'লেখা পোস্ট করা হয়। 

পরে তারা তার স্ত্রীকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন বলে জানান সাব্বির। তার স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা তাকে আবার মারধর করেন।

পরে রাত সাড়ে ১১টার দিকে একটি বাস এলে তিনি দৌড়ে তাতে উঠে পড়েন। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় তিনি রাত ১২টার দিকে পিরোজপুর শহরে পৌঁছান।খবর পেয়ে সেখানে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলে তার সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন, অপরাধীদের খুঁজে বের করতে নির্দেশনা দেন এবং ন্যায়বিচারের ব্যাপারে আশ্বস্ত করেন। 

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, 'সাব্বির ঢাকা থেকে আসার পথে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বাস থেকে নামিয়ে নির্যাতন করেছে। তাকে পিরোজপুরে পৌঁছানোর পর আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।'

পিরোজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান মাহমুদ শাহীন বলেন, 'খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে যাই। সাব্বিরের অবস্থা দেখে মনে হয়েছে তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।'

এ বিষয়ে পিরোজপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বলেন, সাব্বির খান পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জানতে পেরে পুলিশ পাঠিয়ে তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জেনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।