৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৪:২৫ পিএম
শেয়ার করুন:
৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক উপযোগিতা নিজেই চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসভবন থেকে রাজধানীর সচিবালয়ে পৌঁছে দিনের দাপ্তরিক কর্মসূচি শুরুর প্রাক্কালে তিনি এই পরীক্ষা করেন। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। এ সময় তিনি বেশ কিছুক্ষণ বিভিন্ন মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন এবং সেগুলোর মান ও ব্যবহারিক সুবিধা নিবিড়ভাবে পরখ করেন।

সরকারি এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে মেধাক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রীদের ঝরে পড়া রোধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সাইকেলের মান যাচাইয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।