কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১:০৬ পিএম
শেয়ার করুন:
কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের কাউখালীতে বাজার তদারকি অভিযানের অংশ হিসেবে অননুমোদিত ওষুধ ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া স্ট্যান্ড সংলগ্ন ‘ধানসিঁড়ি পোল্ট্রি ফিড’-কে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. পাভেল দীর্ঘদিন ধরে এসব ওষুধ বিক্রি করে আসছিলেন। 

অন্যদিকে, শিয়ালকাঠী ইউনিয়নের দারুস সুন্নাত কামিল মাদ্রাসা সংলগ্ন ‘মানহা মা স্টোর’ নামের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করায় একই ধারায় দোকান মালিক মিজানুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আমিন বখতিয়ার। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে কাউখালী থানা পুলিশের একটি দল।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, “পোল্ট্রি খাদ্য ও ওষুধের মান এবং সাধারণ মানুষের খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো স্পর্শকাতর বিষয়গুলো তদারকি করতে এই অভিযান চালানো হয়েছে। অননুমোদিত প্রাণিজ ওষুধ জনস্বাস্থ্য ও প্রাণিসম্পদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, আর মেয়াদোত্তীর্ণ খাবার সরাসরি ভোক্তার স্বাস্থ্যের ক্ষতি করে।”

তিনি ব্যবসায়ীদের সতর্ক করে আরও বলেন, “অনুমোদিত ও মানসম্মত পণ্য ছাড়া কোনো কিছু বিক্রি করা যাবে না। প্রতিটি পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে দৃশ্যমান থাকতে হবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।