এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সামিরা খান মাহি। দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম আর দর্শকদের বিপুল ভালোবাসায় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মিস ইউনিভার্সের ৭৫তম আসরের মুকুটের লড়াইয়ে টিকে থাকা হলো না তার। সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকা থেকে বাদ পড়ায় শেষ হলো বাংলাদেশের এই প্রতিনিধির যাত্রা।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় এবং বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ জন প্রতিযোগী এতে অংশ নেন। প্রথম ধাপে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেখানে বাংলাদেশের নাম না থাকায় সেমিফাইনালের আগেই থেমে যায় মাহির পথচলা।
ভোটের লড়াইয়ে এগিয়ে থেকেও হতাশা
এবারের আসরে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শক ভোটের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতা চলাকালে সাপ্তাহিক ভোটের পাশাপাশি মোট ভোটের হিসাবেও শীর্ষে থাকার খবর নিজেই জানিয়েছিলেন মাহি। গ্র্যান্ড ফিনালের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাংলাদেশ নম্বর ওয়ান’ লিখে সমর্থকদের ভোট অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছিলেন তিনি।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ দর্শক ভোট পাওয়া একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। তবে ভোটের দৌড়ে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত সেই সুযোগের মধ্য দিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি তিনি।
জাতীয় পোশাক প্রদর্শনীতে প্রশংসা
মুকুট জয়ের দৌড় থেকে ছিটকে পড়লেও জাতীয় পোশাক প্রদর্শনী পর্বে দেশের ঐতিহ্য তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে তিনি লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন।
‘মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন’ শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা। কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে যুক্ত ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না এবং মাহির পিঠে সংযুক্ত একটি বৃত্তাকার শিল্পকর্ম, যেখানে একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প ফুটিয়ে তোলা হয়েছিল।
মিস ইউনিভার্সে বাংলাদেশের পথচলা
২০১৯ সালে শিরিন আক্তার শিলার হাত ধরে প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নেয় বাংলাদেশ। এরপর ২০২৪ সালে দেশের প্রতিনিধিত্ব করেন অনিকা আলম। গত আসরে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে নিয়ে দেশের জন্য নতুন ইতিহাস গড়েছিলেন তানজিয়া জামান মিথিলা। এবার সামিরা খান মাহিকে ঘিরে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা থাকলেও দর্শক সমর্থন সত্ত্বেও খালি হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
অক্টোবর ২৪, ২০২৬
আগস্ট ৪, ২০২৬
নভেম্বর ২৬, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ২৫ নভেম্বর, ২০২৬
বিনোদন | ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।