কবিরহাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পুকুরের সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পিএম
শেয়ার করুন:
কবিরহাটে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পুকুরের সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের করুণ মৃত্যু

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সিঁড়ির নিচে আটকে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে স্থানীয় নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে সীমান্ত। খেলা শেষে দুই বন্ধুসহ সে মাঠসংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তারা পুকুরঘাটের সিঁড়ির একপাশ দিয়ে ডুব দিয়ে অন্যপাশ দিয়ে বের হওয়ার খেলায় মেতে ওঠে। অন্য দুই বন্ধু বের হয়ে এলেও সীমান্ত সিঁড়ির নিচে আটকা পড়ে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ভেসে না ওঠায় সঙ্গীরা আতঙ্কিত হয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে রাত পৌনে ৮টার দিকে সিঁড়ির নিচ থেকে সীমান্তের নিথর দেহ উদ্ধার করে।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।