অবহেলার পদ্মডাঁটা থেকেই মূল্যবান ‘লোটাস সিল্ক’: ফরিদপুরের নারীদের হাত ধরে নতুন সম্ভাবনা

নাজমুস সাকিব, ক্যাম্পাস প্রতিনিধি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম
শেয়ার করুন:
অবহেলার পদ্মডাঁটা থেকেই মূল্যবান ‘লোটাস সিল্ক’: ফরিদপুরের নারীদের হাত ধরে নতুন সম্ভাবনা

জলাশয় কিংবা বিলের বুকে ফুটে থাকা পদ্মফুল ঝরে পড়ার পর এর ডাঁটাগুলো সাধারণত কোনো কাজেই আসত না। অযত্ন-অবেহেলায় পচে নষ্ট হয়ে যাওয়া সেই ডাঁটা থেকেই এখন তৈরি হচ্ছে মহামূল্যবান ও পরিবেশবান্ধব সুতা—যা বিশ্বজুড়ে পরিচিত ‘লোটাস সিল্ক’ বা পদ্মরেশম নামে। ফরিদপুরের প্রত্যন্ত অঞ্চলের একদল গ্রামীণ নারীর হাত ধরে এই অসম্ভব সম্ভব হয়েছে। তাঁদের নিপুণ দক্ষতায় তৈরি সুতা দেশের বস্ত্রশিল্পে যুক্ত করেছে অনন্য এক সম্ভাবনার অধ্যায়।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে গড়ে উঠেছে পদ্মরেশম তৈরির এই ব্যতিক্রমী উদ্যোগ। সাধারণ রেশম পোকার গুটি কিংবা কৃত্রিম তন্তুর ওপর নির্ভর না করে, পদ্মের ডাঁটার ভেতরে থাকা সূক্ষ্ম প্রাকৃতিক আঁশ কাজে লাগিয়ে প্রস্তুত হচ্ছে এই বিশেষ সুতা। নিজেদের মেধা, ধৈর্য ও শ্রম দিয়ে গ্রামের গৃহিণীরা একসময়ের অবহেলিত প্রাকৃতিক উপাদানকে রূপ দিচ্ছেন বিলাসবহুল বস্ত্রের কাঁচামালে।

যেভাবে তৈরি হয় পদ্মরেশম
পদ্মরেশম তৈরির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য ও সংবেদনশীল। পদ্মের কাঁচা ডাঁটা সাবধানে ভাঙলে বা কাটলে ভেতর থেকে মাকড়সার জালের মতো সূক্ষ্ম ও নরম তন্তু বের হয়ে আসে। প্রশিক্ষিত নারীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই আঁশ টেনে বের করেন। এরপর একাধিক ডাঁটার আঁশ একত্র করে হাতের তালুর নিখুঁত ছোঁয়ায় পাকিয়ে সুতায় রূপ দেওয়া হয়। সামান্য অসতর্কতায় সূক্ষ্ম এই আঁশ ছিঁড়ে যেতে পারে বলে পুরো প্রক্রিয়ায় প্রয়োজন হয় অপরিসীম ধৈর্য ও একাগ্রতা।

রনকাইল গ্রামের নারীদের তৈরি এই সুতা পরবর্তীতে পৌঁছে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্পীদের কাছে। সেখানে পদ্মরেশমের সুতা দিয়ে জামদানি বয়নরীতিতে তৈরি হচ্ছে নান্দনিক স্কার্ফসহ নানা অভিজাত পোশাক। ফলে প্রত্যন্ত বিলের পদ্মডাঁটা শেষ পর্যন্ত রূপ নিচ্ছে বিশ্বমানের আভিজাত্যপূর্ণ বস্ত্রপণ্যে।

কেন এত মূল্যবান এই ‘লোটাস সিল্ক’?
পদ্মরেশমের মূল শক্তি এর দুষ্প্রাপ্যতা, কোমলতা এবং সম্পূর্ণ প্রাকৃতিক ও জটিল উৎপাদনপদ্ধতি। মাত্র এক কেজি সুতা তৈরি করতে প্রয়োজন হয় হাজার হাজার পদ্মের ডাঁটা। প্রতিটি ডাঁটা থেকে সামান্য পরিমাণ আঁশ মেলে বলে এক কেজি সুতা তুলতে দীর্ঘ সময় ও বিপুল শ্রম ব্যয় করতে হয়। আর এ কারণেই আন্তর্জাতিক বাজারে লোটাস সিল্কের কদর ও দাম আকাশচুম্বী। 

আন্তর্জাতিক বাজারে মানভেদে প্রতি কেজি লোটাস সিল্কের দাম দাঁড়ায় প্রায় ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় কয়েক লাখ টাকা। তবে আন্তর্জাতিক বাজারের এই বিশাল আর্থিক সুবিধার পুরোটা এখনও পৌঁছাচ্ছে না তৃণমূলের কারিগরদের কাছে। মধ্যস্বত্বভোগী ও উপযুক্ত বাজারব্যবস্থার অভাবে প্রান্তিক নারী কর্মীদের আয় এখনও সীমিত পর্যায়েই রয়ে গেছে।

নারীদের স্বাবলম্বিতা ও টিকে থাকার চ্যালেঞ্জ
পদ্মরেশমের এই উদ্যোগ শুধু বস্ত্রশিল্পের বৈচিত্র্যই বাড়াচ্ছে না, গ্রামীণ নারীদের ঘরে বসে আয়ের চমৎকার এক ক্ষেত্র তৈরি করেছে। বাড়ির পাশের খাল-বিলের পদ্মডাঁটাই এখন তাঁদের কাছে হয়ে উঠেছে সংসারের সচ্ছলতা ফেরানোর হাতিয়ার। 

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা প্রতিবন্ধকতাও। সারা বছর কাঁচামালের ধারাবাহিক সরবরাহ না থাকা, আধুনিক প্রযুক্তির অভাব, কারিগরদের স্বল্প মজুরি এবং কার্যকর বাজারজাতকরণের ঘাটতি এই শিল্পের বিকাশে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, আধুনিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং সরাসরি বাজারসংযোগ নিশ্চিত করা গেলে এ শিল্পের পরিধি দ্রুত বাড়ানো সম্ভব।

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ব্র্যান্ডিং
বিশ্বব্যাপী এখন পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনপণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। সিনথেটিক তন্তুর বিকল্প হিসেবে প্রাকৃতিক আঁশের কাপড়ের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে সর্বত্র। এই প্রেক্ষাপটে মান নিয়ন্ত্রণ ও আধুনিক ডিজাইনের সমন্বয় করতে পারলে আন্তর্জাতিক বাজারে লোটাস সিল্ক হতে পারে বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য।

জলাশয়ের ফেলে দেওয়া পদ্মডাঁটা আজ ফরিদপুরের নারীদের দেখাচ্ছে স্বাবলম্বী হওয়ার রঙিন স্বপ্ন। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সঠিক দিকনির্দেশনা পেলে এই ক্ষুদ্র উদ্যোগটিই অচিরেই দেশের বস্ত্রখাতে এক নতুন বিপ্লব ঘটাতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।