ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্কঃ
২৪ নভেম্বর, ২০২৬ ৩:১৩ পিএম
শেয়ার করুন:
ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রুহুল কবির রিজভী

ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না। কিন্তু পেট্রাপোলে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আওয়ামী লীগের চার নেতার দুই ঘণ্টাব্যাপী বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এই বৈঠককে একটি অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাবি করেন, দলটির ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডই তাদের নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেছে। তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থান করেও দলটির নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন এবং এসবের মধ্য দিয়ে তারা আবারও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে।

রিজভী আরও অভিযোগ করেন, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে টাকা দিয়ে গাড়িতে আগুন দেওয়া, বাড়িঘরে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে বলে তিনি দাবি করেন। 

দেশে সাম্প্রতিক সহিংসতার চিত্র তুলে ধরে রিজভী দাবি করেন, গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এসব কর্মকাণ্ডে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যাঁরা এসব কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন, এই হত্যাকাণ্ডগুলোর দায় শেখ হাসিনাকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, যাঁরা বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারেন, তাঁরা কখনো জনগণ বা দেশের বন্ধু হতে পারেন না।

আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের যাত্রা কেউ স্তব্ধ করতে পারবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।