ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

অনলাইন ডেস্কঃ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:৫৬ পিএম
শেয়ার করুন:
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

আজ ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের ২৫ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তিনি জন্মগ্রহণ করেন। 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী এক পরিবারের উত্তরসূরি জাইমা রহমান নিজস্ব মেধা, উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই আত্মপরিচয় গড়ে তুলেছেন। পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে আইন, জননীতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নের মতো জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে তিনি নিজের সক্রিয় কর্মপরিসর বিস্তৃত করছেন। 

পারিবারিক পরিচয়
জাইমা রহমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা। তাঁর দাদা সাবেক রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া তাঁর মাতামহ প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানও দেশের অন্যতম শীর্ষ প্রশাসনিক ও সামরিক ব্যক্তিত্ব ছিলেন। 

শিক্ষাজীবন ও ব্যারিস্টারি অর্জন
জাইমা রহমানের শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। ২০০৮ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর শুরু হয় তাঁর আন্তর্জাতিক শিক্ষাজীবন। 

তিনি যুক্তরাজ্যের খ্যাতনামা কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক (এলএলবি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ব্রিটিশ আইনের ঐতিহ্যবাহী আইনি প্রতিষ্ঠান ‘দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল’ থেকে সফলভাবে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এর মাধ্যমে তিনি ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে আইনি অনুশীলনের স্বীকৃতি পান। এছাড়া দেশের মাটিতে আইনপেশায় যুক্ত হওয়ার প্রস্তুতির অংশ হিসেবে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রিলিমিনারি ধাপও সম্পন্ন করেছেন।

পেশাগত অভিজ্ঞতা
শিক্ষাজীবন শেষে জাইমা রহমান যুক্তরাজ্য ও বাংলাদেশ—উভয় দেশেই আইন ও নীতিবিষয়ক নানা কাজে সরাসরি সম্পৃক্ত হন। বাংলাদেশে তিনি স্বনামধন্য আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে কাজ করেন। সেখানে তিনি সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং করসংক্রান্ত জটিল আইনি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি আবাসন, নাগরিক কল্যাণ ও শ্রম আইন নিয়ে কাজ করেছেন। পাশাপাশি স্বাস্থ্য খাতে নীতিগত সহায়তা, জনসংযোগ এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনা পারিশ্রমিকে (প্রো-বোনো) আইনি সেবা কার্যক্রমে যুক্ত ছিলেন।

জাতিসংঘে নতুন অধ্যায়
আন্তর্জাতিক অঙ্গনে জাইমা রহমানের কর্মপরিধি সাম্প্রতিক সময়ে আরও বিস্তৃত হয়েছে। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বৈশ্বিক সংস্থায় তাঁর সংযুক্তি আন্তর্জাতিক আইন ও কূটনীতির ক্ষেত্রে নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।