আঁধারে ৭০ কিমি নদীপথ পাড়ি: বড় মদকে চার সন্তান হারানো প্রসূতির কোলজুড়ে ফুটল নতুন প্রাণ

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১১ নভেম্বর, ২০২৬ ১:৪৩ পিএম
শেয়ার করুন:
আঁধারে ৭০ কিমি নদীপথ পাড়ি: বড় মদকে চার সন্তান হারানো প্রসূতির কোলজুড়ে ফুটল নতুন প্রাণ

চারটি সন্তানকে একে একে অকালে হারিয়েছেন। তিনটি শিশু প্রাণ হারিয়েছিল মায়ের কোলেই, আরেকটি নিভে যায় পাঁচ-ছয় বছর বয়সে। পঞ্চমবারের মতো যখন সন্তানসম্ভবা হলেন, তখনো ঘিরে ধরেছিল অনিশ্চয়তা আর চরম শঙ্কা। প্রসববেদনা ওঠার পর দেখা দিল মারাত্মক জটিলতা। চারপাশে দুর্গম পাহাড় আর রাতের ঘুটঘুটে অন্ধকার—যোগাযোগের কোনো পথ নেই। এমন মৃত্যুঝুঁকির মুখে একদল স্বাস্থ্যকর্মীর সাহসিকতায় রাতের আঁধারে সাঙ্গু নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় প্রায় ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে অবশেষে হাসপাতালে পৌঁছান সেই প্রসূতি মা। শেষ পর্যন্ত রক্ষা পেয়েছে মা ও নবজাতক—উভয়েরই প্রাণ। 

ঘটনাটি ঘটেছে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম ৬ নম্বর ওয়ার্ডের বড় মদক প্রুসাঅং কারবারী পাড়ায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাড়ার বাসিন্দা ৩২ বছর বয়সী য়ইসিংনু মারমা ও উশৈথোয়াই মারমা দম্পতির ১২ বছরের দাম্পত্য জীবনে রয়েছে কেবলই সন্তান হারানোর বেদনা। গত সোমবার পঞ্চমবারের মতো সন্তানসম্ভবা য়ইসিংনু মারমার তীব্র প্রসবব্যথা শুরু হলে বাড়িতেই তিনি ছটফট করছিলেন। 

ঠিক সেই সময়ে দুর্গম বড় মদক এলাকায় একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতিমূলক কাজ করছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রিন হিল’-এর মাঠপর্যায়ের কর্মীরা। আন্তর্জাতিক সংস্থা জেএসআই (JSI)-এর কারিগরি এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের (DOS) আর্থিক সহায়তায় ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় এই কেন্দ্রটি চালুর কাজ চলছে। প্রসূতির খবর পেয়ে সন্ধ্যায় ওই প্রকল্পের কর্মকর্তারা দুজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীকে (মিডওয়াইফ) সঙ্গে নিয়ে দ্রুত য়ইসিংনুর বাড়িতে যান। 

পরীক্ষা-নিরীক্ষার পর ধাত্রীরা বুঝতে পারেন, গর্ভের শিশুটি স্বাভাবিক অবস্থানে নেই। প্রসবকালীন এই জটিলতায় মা ও শিশু উভয়ের জীবনই চরম ঝুঁকিতে পড়ে। তাৎক্ষণিকভাবে প্রয়োজন হয়ে পড়ে উন্নত হাসপাতালের। কিন্তু দুর্গম পাহাড়ি এই জনপদে রাতের বেলায় কোনো সড়ক যোগাযোগ নেই। চারদিকে নিকষ কালো অন্ধকার। কোনো উপায় না পেয়ে একটি সাধারণ ইঞ্জিনচালিত নৌকাকেই তাৎক্ষণিক ‘নৌ-অ্যাম্বুলেন্স’ বানিয়ে সাঙ্গু নদীপথে যাত্রা শুরু করেন স্বাস্থ্যকর্মীরা।

ঝুঁকিপূর্ণ নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাত ১টার দিকে তাঁরা প্রসূতিকে নিয়ে পৌঁছান থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল নোমান রোগীর অবস্থা জটিল দেখে দ্রুত তাঁকে জেলা সদরের ইমানুয়েল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। 

এরপর কালবিলম্ব না করে আবারও নৌ ও সড়কপথ পাড়ি দিয়ে ভোর ৪টার দিকে প্রসূতিকে নিয়ে আসা হয় বান্দরবান জেলা সদরে। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে অবশেষে নিরাপদে একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন য়ইসিংনু মারমা। দীর্ঘ উদ্বেগ-উৎকণ্ঠার পর মা ও নবজাতক সুস্থ থাকায় আনন্দের অশ্রু আর স্বস্তি ফিরে এসেছে স্বজনদের চোখেমুখে। 

প্রসূতিকে বাড়ি থেকে হাসপাতালে আনা, ইঞ্জিনচালিত নৌকা ও অ্যাম্বুলেন্সের ভাড়াসহ চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছে উন্নয়ন সংস্থা গ্রিন হিল।

এ বিষয়ে গ্রিন হিলের ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা বলেন, "বড় মদক এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করবেন। এটি চালু হলে এই দুর্গম জনপদের গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।"

গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, "কিছুদিন আগে গণমাধ্যমে উঠে এসেছিল যে বড় মদক অঞ্চলে চিকিৎসার অভাবে অনেক প্রসূতি মা মারা যাচ্ছেন। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সন্তান প্রসবের সময় জরুরি চিকিৎসার জন্য নদী বা পাহাড়ি পথ পাড়ি দিয়ে দূরদূরান্তে যাওয়ার দুর্ভোগ অনেকটাই কমে আসবে। এছাড়া কোনো হতদরিদ্র প্রসূতির জটিলতা দেখা দিলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের যাবতীয় পরিবহন খরচ গ্রিন হিলের পক্ষ থেকেই বহন করা হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।