এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে দেশটির রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি করার ঘটনা ঘটেছে। আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর (২৬)। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি উত্তর প্রদেশের মিরাটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি দেশটির সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট ‘প্রেসিডেন্টস বডিগার্ড’ (পিবিজি)-এর সদস্য হিসেবে রাষ্ট্রপতি ভবনে কর্মরত। পরিবারের সঙ্গে দীপাবলি উদ্যাপন করতে ছুটিতে তিনি নিজ গ্রামে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উৎসবের রাতে সৌরভ তাঁর দুই ভাই বিনীত ও মিন্টুকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বাজি ফোটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তাঁর ভাই মনু (ওরফে প্রবীণ) নামের দুই প্রতিবেশীর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগ্বিতণ্ডা সহিংস রূপ নেয়। উত্তেজনার মধ্যে ধীরজ একটি দেশি পিস্তল বের করে গুলি চালান। গুলিটি প্রথমে একটি দেয়ালে লেগে দিক পরিবর্তন করে সৌরভের কানের পেছনের অংশে মাথায় আঘাত করে।
গুলিবিদ্ধ হয়ে সৌরভ মাটিতে লুটিয়ে পড়লে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুলিবিদ্ধ সৌরভকে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে প্রথমে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকেরা তাঁর মাথা থেকে গুলিটি বের করতে সক্ষম হলেও তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সৌরভদের সঙ্গে অভিযুক্তদের আগে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে মাস দুয়েক আগে একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।
এ ঘটনায় সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধীরজ ও মনুর বিরুদ্ধে থানায় মামলা (এফআইআর) দায়ের করা হয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।