বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন:
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় মিস্টার সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনির ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেজ (কূপ) থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

খনি শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মিস্টার সিং দৈনন্দিন কাজের অংশ হিসেবে দুজন স্থানীয় শ্রমিককে নিয়ে ভূগর্ভে গ্যাস পরিমাপের জন্য ১৩০৫ নম্বর ফেজে নামেন। সেখানে স্থানীয় শ্রমিকদের অন্য স্থানে পাঠিয়ে তিনি একা সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। এরপর রাত ৩টার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 

মঙ্গলবার সকাল ৭টায় শিফট ডিউটি শেষে অন্যান্য শ্রমিকেরা ওপরে উঠে এলেও মিস্টার সিং না ফেরায় সহকর্মীরা বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানান। তাৎক্ষণিকভাবে খনির রেসকিউ টিম তল্লাশি শুরু করে এবং ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খনির শ্রমিকদের ধারণা, ভূগর্ভে মারাত্মক অক্সিজেন স্বল্পতার কারণে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ খনি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

বর্তমানে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। চীনা কনসোর্টিয়াম কর্তৃপক্ষ তাঁর পরিবার ও চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। কনসোর্টিয়ামের নিজস্ব নিয়ম অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তের আবেদন পাঠানো হচ্ছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।