ফরিদপুরে বাল্যবিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৯ নভেম্বর, ২০২৬ ৯:৪০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বাল্যবিবাহের কুফল ও প্রতিকার বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই সামাজিক ব্যাধি প্রতিরোধের লক্ষ্যে ফরিদপুরে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকায় এ সভার আয়োজন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে ‘সমাজ বিকাশ যুব মহিলা সংস্থা’।

সংস্থার সভানেত্রী পারভীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর ফরিদপুর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সমাজ বিন্যাস প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির এবং ‘নন্দিতা সুরক্ষা’র নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত রিমি।

সভায় স্থানীয় ৩০ জন নারী অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা বাল্যবিবাহের সামাজিক, শারীরিক ও মানসিক বিভিন্ন নেতিবাচক দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে বাল্যবিবাহ নিরোধে দেশের প্রচলিত আইনের বিধান ও শাস্তির বিষয়গুলোও অংশগ্রহণকারীদের সামনে ব্যাখ্যা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের অগ্রযাত্রার অন্যতম বড় অন্তরায়। এটি প্রতিরোধে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বিশেষ করে কন্যাশিশুদের নিরবচ্ছিন্ন শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের ঐক্যবদ্ধ সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমেই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।