নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১০ নভেম্বর, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে ব্যাপক ওজনে কারচুপির অভিযোগ উঠেছে। উপকারভোগীদের কার্ডপ্রতি ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম থাকলেও তাঁদের দেওয়া হচ্ছে মাত্র ২৩ কেজি। এ ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ডিলারের লোকজনের বিরুদ্ধে।

অভিযুক্ত ডিলারের নাম লিয়াকত আলী সর্দার (টিটো)। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির অনুমোদিত ডিলার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১০ নভেম্বর) আশফরদী এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করছিলেন ডিলার লিয়াকত আলী সর্দার। তবে চাল বিতরণের শুরু থেকেই কার্ডধারীদের নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে বস্তায় ২৩ থেকে ২৪ কেজি করে চাল দেওয়া হচ্ছিল। ওজনে প্রায় ৬ থেকে ৭ কেজি চাল কম দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী উপকারভোগীরা।

চাল ওজনে কম দেওয়ার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী সেখানে তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতে যান। সংবাদকর্মীরা উপস্থিত হয়ে অনিয়মের বিষয়টি ডিলারের কাছে জানতে চাইলে তিনি ও তাঁর লোকজন চড়াও হন। একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় এবং তাঁদের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত ও তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত সংবাদকর্মীরা।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, "খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া এবং তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ ও লাঞ্ছিত করার বিষয়টি আমি অবগত হয়েছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এদিকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চালে এমন কারচুপির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দরিদ্র মানুষের হক মেরে খাওয়ার সঙ্গে জড়িত অসাধু ডিলারের ডিলারশিপ বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।