রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

অনলাইন ডেস্কঃ
১০ নভেম্বর, ২০২৬ ৩:৫৩ পিএম
শেয়ার করুন:
রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, বিকল্প পথে বের করা হলো মন্ত্রীকে

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর পুরো বিমানবন্দর এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে প্রধান ফটকের পরিবর্তে পেছনের বিকল্প ফটক দিয়ে বের করে নিরাপদে সড়কপথে বগুড়ায় পাঠানো হয়।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে থাকা ফুলবাগানের ভেতর সন্দেহভাজন বস্তু দুটি দেখতে পান স্থানীয় এক পথচারী। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়ির টহল দলের সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। খবর পেয়ে পুলিশ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান ইকবাল হাসান মাহমুদ টুকু। এর মাত্র কয়েক মিনিট পরই গ্রেনেডসদৃশ বস্তু থাকার তথ্য সামনে আসে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের প্রধান ফটক তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীদের চলাচলের জন্য বিকল্প ‘মসজিদ গেট’ খুলে দেওয়া হয়। এ সময় ভিআইপি লাউঞ্জে অবস্থানরত ইকবাল হাসান মাহমুদ টুকুকে পেছনের বিকল্প গেট দিয়ে বের করে নিরাপদে বগুড়ার উদ্দেশে পাঠানো হয়।

পরবর্তীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের (বোম্ব ডিসপোজাল ইউনিট) সদস্যরা বস্তু দুটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাধারণ মানুষ ও যাত্রীদের সুরক্ষার স্বার্থে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়।

বিমানবন্দরের প্রধান ফটকে সার্বক্ষণিক এপিবিএন সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকা সত্ত্বেও কীভাবে এবং কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।