পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনেও এই তথ্য জানানো হয়।

নতুন এই দায়িত্বে আমিনুল ইসলাম মূলত লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর মানোন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কোচিং পদ্ধতির বাস্তবায়ন এবং উদীয়মান তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ পথ তৈরিতে দিকনির্দেশনা প্রদান করবেন।

লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট ও প্রশাসনিক অঙ্গনে বুলবুলের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামোকে আরও সুদৃঢ় করতে চায়। এর পাশাপাশি বাংলাদেশেও নিজেদের ক্রিকেটীয় কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির, যার অংশ হিসেবেই বুলবুলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত করা হয়েছে।

খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও আমিনুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা এক দশক তিনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ‘ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার (এশিয়া)’ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও (এসিসি) কাজ করেছেন তিনি। এছাড়া পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বও পালন করেন।

খেলোয়াড় হিসেবে ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত লাল-সবুজের জার্সিতে মাঠ মাতিয়েছেন বুলবুল। তিনি ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন এবং দেশের অভিষেক টেস্টে স্মরণীয় সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান।