মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৯ নভেম্বর, ২০২৬ ১০:২৪ এএম
শেয়ার করুন:
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে। 

সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নিয়ে প্রধানমন্ত্রী পৃথক দুটি অধিবেশনে বক্তব্য দেবেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ফাঁকে (সাইডলাইন) বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তাঁর একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবেন। ইস্তাম্বুল বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে অভ্যন্তরীণ ফ্লাইটে তাঁরা আনতালিয়া পৌঁছাবেন। 

প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিনিধিদলে থাকছেন—পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবেন।

**সম্মেলনে বাংলাদেশের প্রত্যাশা ও অবস্থান:**  
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এবারের সম্মেলনে বাংলাদেশের কার্যকর অবস্থান তুলে ধরা হবে। বাংলাদেশ মূলত জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহজলভ্য অর্থায়ন এবং উন্নত বিশ্বের কাছে উন্নত প্রযুক্তির সহায়তার দাবি জানাবে।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, "জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক অর্থায়ন প্রয়োজন।"

তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোকে দায়িত্ব নিতে হবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অপূরণীয় ক্ষতিপূরণে বিশ্ব সম্প্রদায়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হবে।

উল্লেখ্য, ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত কপ-৩১ সম্মেলন আজ সোমবার শুরু হয়ে চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো—২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন নির্গমন হ্রাস, নির্মাণ খাতে শক্তির অপচয় ২৫ শতাংশ কমানো এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ তহবিল কার্যকর করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।