ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল চুরির শিকার শতাধিক দর্শক

অনলাইন ডেস্কঃ
৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৬ এএম
শেয়ার করুন:
ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল চুরির শিকার শতাধিক দর্শক

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে জয়পুরহাটের কালাইয়ে বিপুলসংখ্যক দর্শকের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির শুটিং দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শকেরা মাঠে জড়ো হতে শুরু করেন। সন্ধ্যার মধ্যেই অনুষ্ঠানস্থলে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে। 

বিপুল এই ভিড়ের সুযোগ নিয়ে একটি চোর চক্র দর্শকদের মোবাইল ফোন হাতিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান চলাকালীন এবং অনুষ্ঠান শেষে একের পর এক মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি প্রকাশ পেতে থাকে। ভুক্তভোগীদের দাবি, অনুষ্ঠানস্থল থেকে অন্তত দুই শতাধিক মোবাইল ফোন চুরি হয়েছে। 

অথচ অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সেখানে প্রায় আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট ও ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছিলেন। কঠোর নিরাপত্তার মধ্যেও এত বিপুলসংখ্যক ফোন চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকেরা।

অনুষ্ঠান শেষে মোবাইল হারানো দর্শকেরা কালাই থানায় গিয়ে ভিড় করেন। থানা সূত্রে জানা গেছে, রাতেই প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী বিষয়টি জানিয়ে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেছেন।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ভুক্তভোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা ১৫০ থেকে ২০০টির মতো হতে পারে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করা হয়েছে।"

আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে। লিখিত অভিযোগ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং খোয়া যাওয়া মোবাইল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।