চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৭ নভেম্বর, ২০২৬ ১০:৪০ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফরিদপুরের চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দিবসটির তাৎপর্য তুলে ধরে সেখানে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান শিকদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এজিএম বাদল আমিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী তানজিনা আক্তার এবং চরভদ্রাসন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আল আমিন প্রমুখ। সভায় দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।