নগরকান্দায় কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
৪ অক্টোবর, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় কৃষক, দুস্থ নারী ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

ফরিদপুরের নগরকান্দায় প্রান্তিক কৃষক, সুবিধাবঞ্চিত নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বালাইনাশক স্প্রে মেশিন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

রোববার (৪ অক্টোবর) নগরকান্দা উপজেলার ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। 

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সরকার সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। কৃষক, নারী ও প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের আত্মনির্ভরশীল করতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের প্রকৃত প্রয়োজন অনুযায়ী সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকলি দত্ত।

বক্তারা উল্লেখ করেন, এসব সহায়তা কেবল তাৎক্ষণিক প্রয়োজনই মেটাবে না; বরং কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচলে স্বস্তি এনে দিয়ে তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।