পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ভেতরে আগুন, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ৩:১৯ পিএম
শেয়ার করুন:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ভেতরে আগুন, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রবেশপথের গলির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার ওই ব্যক্তিমালিকানাধীন গলিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনসহ তিন থেকে চারটি বাড়ি রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে (রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে) অজ্ঞাত দুর্বৃত্তরা গলির প্রধান ফটকের ভেতরের অংশে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, "পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ছিল না; পলিথিনসদৃশ কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।"

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত ও দ্রুত আইনের আওতায় আনতে ঘটনাস্থল এবং আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ বিষয়ে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সংশ্লিষ্ট এলাকা থেকে তাদের কাছে অগ্নিকাণ্ড সংক্রান্ত কোনো সংবাদ আসেনি।

ঘটনাটির পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।