জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: জেলা পুলিশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা থানা

অনলাইন ডেস্কঃ
২০ নভেম্বর, ২০২৬ ১১:৫৩ পিএম
শেয়ার করুন:
জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: জেলা পুলিশের সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে সালথা থানা

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে যখন পুড়ছিল চারপাশ, ঠিক তখনই অসীম সাহসিকতার পরিচয় দিয়ে থানাটির অস্ত্রাগার থেকে সব অস্ত্র অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফরিদপুরের সালথা থানা পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র উদ্ধার করে নিরাপদে ফরিদপুর পুলিশ লাইনসে পৌঁছে দেওয়ায় সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ও তার পুরো টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমসাময়িক পরিস্থিতিকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার সুযোগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। একপর্যায়ে থানার অস্ত্রাগারে রক্ষিত বিপুল পরিমাণ সরকারি ও ব্যক্তিমালিকানাধীন অস্ত্রের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়। 

এমন চরম প্রতিকূল ও বিপজ্জনক পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। তার নেতৃত্বে সালথা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত মুকসুদপুর থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা জ্বলন্ত থানা ভবনের ভেতর থেকে অস্ত্রাগারে থাকা অস্ত্রগুলো সফলভাবে উদ্ধার করেন এবং কড়া নিরাপত্তায় ফরিদপুর পুলিশ লাইনসে পৌঁছে দেন। 

চরম ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা ও বীরত্বপূর্ণ এ পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও জননিরাপত্তা রক্ষার এক অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

প্রশংসনীয় এই দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ওসি বাবলুর রহমান খান এবং তার টিমের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাদের জেলা পুলিশের সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দিয়ে এসপি বলেন, “দেশ, জনগণ ও বাহিনীর মর্যাদা রক্ষায় এই পেশাদারিত্ব দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সাহসী ভূমিকা জেলা পুলিশসহ বাহিনীর প্রতিটি সদস্যের কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা আরও বাড়িয়ে তুলবে।”

এদিকে, দুঃসাহসিক এই সফল অভিযানের জন্য ওসি বাবলুর রহমান খান ও তার টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুলিশের ‘২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ’। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, চরম সংকটকালে দেশ ও বাহিনীর সম্মান রক্ষায় তাদের এমন আত্মত্যাগ ও দায়িত্ববোধ পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের বিষয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।