রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

আলমাস বেপারী, জেলা প্রতিনিধি, মাদারীপুরঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১১:৩৫ এএম
শেয়ার করুন:
রাজৈরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

মাদারীপুরের রাজৈরে নূর আলম ফকির নামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭০ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে রাজৈর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সুবন্ধি ধরাইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী নূর আলম ফকির আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর আলম ফকির দীর্ঘ ১৯ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে এক বছর আগে দেশে ফিরে আসেন। প্রবাসের হাড়ভাঙা পরিশ্রমে অর্জিত সঞ্চয় দিয়ে তিনি নিজ বাড়িতে স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী সংগ্রহ করে রেখেছিলেন। গত শুক্রবার গভীর রাতে সুযোগ বুঝে চোরচক্র তাঁর বসতঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ঘুমন্ত অবস্থায় ঘরের সদস্যদের নাকে স্প্রে-জাতীয় কোনো কিছু শুঁকিয়ে অচেতন করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ৮ হাজার টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল ফোনসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র তছনছ ও আসবাবপত্র ভাঙা অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী নূর আলম ফকিরের পক্ষ থেকে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী নূর আলম ফকির বলেন, ‘বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে যে সামান্য পুঁজি গড়ে তুলেছিলাম, তা এক রাতেই সব শেষ হয়ে গেল। আমি ও আমার পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব। প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, দ্রুত এই চোরচক্রকে শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারের ব্যবস্থা করা হোক।’

এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী নূর আলম ফকির জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন। খবর পেয়ে থানার এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।