ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাক শ্রমিকরা

অনলাইন ডেস্কঃ
১৮ নভেম্বর, ২০২৬ ১২:২৩ পিএম
শেয়ার করুন:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, বিক্ষোভে পোশাক শ্রমিকরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি ও ছয়দানা এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন। 

খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।

এর আগে মঙ্গলবার সকালেও একই দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শ্রমিকরা। চলমান শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার সকালে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া আগের দিন সোমবার থেকেই ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। 

ধারাবাহিক বিক্ষোভ ও একের পর এক কারখানা বন্ধের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে বর্তমানে থমথমে ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।