নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা: ১৩৬ জনের মাঝে পৌনে ৪ কোটি টাকার ঋণ বিতরণ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋণ মেলা: ১৩৬ জনের মাঝে পৌনে ৪ কোটি টাকার ঋণ বিতরণ

দেশের অন্যতম খাদ্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সদর উপজেলার ১৩৬ জন কৃষক, উদ্যোক্তা ও খামারির মাঝে স্বল্প সুদে মোট ৩ কোটি ৬৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়। 

সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণগ্রহীতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ঋণের চেক তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সফল উদ্যোক্তারা বক্তব্য রাখেন। 

প্রধান অতিথি ও আলোচকরা তাঁদের বক্তব্যে বলেন, নওগাঁ জেলার চাল ও সুস্বাদু আমের সুনাম এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলের কৃষি ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও এগিয়ে নিতে কৃষক, ডেইরি ও মৎস্য খামারি এবং তৃণমূলের নারী উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে হবে। ঋণ কার্যক্রমের সুবিধা যেন শুধু ফাইল বা কাগজ-কলমে সীমাবদ্ধ না থেকে প্রকৃত সুবিধাভোগীদের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জোরালো আহ্বান জানান বক্তারা। 

মেলায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ ৫০ লাখ টাকার ঋণ বিতরণ করে পূবালী ব্যাংক পিএলসি। দিনব্যাপী আয়োজিত এ মেলায় স্থাপিত ১৬টি স্টলে অংশ নেয় সরকারি ও বেসরকারি ৩২টি ব্যাংক। ব্যাংকগুলো মেলায় আসা সাধারণ কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীদের কাছে তাদের সহজ শর্তের ঋণপ্রক্রিয়াসহ বিভিন্ন ব্যাংকিং সেবার তথ্য তুলে ধরে। 

মেলায় বিপুলসংখ্যক ঋণগ্রহীতা কৃষক, কৃষি উদ্যোক্তা, ডেইরি ও পোল্ট্রি খামারি, মৎস্যচাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।