এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, নাটক মঞ্চায়ন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফরিদপুর বন্ধুসভার উদ্যোগে সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণের শহীদ বেদী চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম আলোর নির্ভীক সাংবাদিকতা ও দীর্ঘ পথচলার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুরের ‘সাহিত্যের ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত অধ্যাপক ও লেখক আলতাফ হোসেন। কবিতার পঙ্ক্তি স্মরণ করে তিনি বলেন, *“‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’—আমার মনে হয় গত ২৮ বছর ধরে প্রথম আলো এক নিরবচ্ছিন্ন যুদ্ধে লিপ্ত রয়েছে। দেশে নানা সময়ে পত্রিকার বিরুদ্ধাচরণের নামে একের পর এক অপ্রীতিকর রেকর্ড সৃষ্টি করা হয়েছে। তবে কোনো প্রতিকূলতাকেই প্রথম আলো গায়ে মাখেনি, সত্যের পথে অবিচল থেকেছে। এটাই প্রথম আলোর সাহসিকতা ও বুকের পাটা।”*
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ফরিদপুর বন্ধুসভা পরিবেশিত ১৫ মিনিটের বিশেষ নাটক ‘ক্ষণজন্মা’। নাটকটি উপস্থিত দর্শকদের মনে গভীর চিন্তার খোরাক জোগায়। মেহেদী মিঠুর রচনা ও নির্দেশনায় নাটকের গল্পে উঠে আসে—জীবদ্দশায় নিঃস্বার্থ ও মানবিক মানুষদের সমাজ কীভাবে অবহেলা করে এবং মৃত্যুর পর কীভাবে তাদের মূল্যায়ন করা হয়।
নাটকের গল্পে দেখা যায়, আলিমুজ্জামান নামের এক বেকার ও প্রকৃতিপ্রেমী মানুষ পশুপাখিদের ভালোবাসেন, নিয়মিত খাবার দেন। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক ও আবর্জনা কুড়িয়ে ডাস্টবিনে ফেলেন, গাছে পেরেক ঠুকে দেওয়া লোহা তুলে ফেলেন এবং প্রতিনিয়ত গাছপালার সঙ্গে কথা বলেন। জলবায়ু পরিবর্তন ও প্রকৃতি রক্ষার কথা বললেও সমাজ ও বন্ধুরা তাকে ‘পাগল’ বলে উপহাস করে। অভাব-অনটনের কারণে একপর্যায়ে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। চরম অবহেলা ও দীনতার মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করে একদিন মারা যান তিনি। অথচ মৃত্যুর বহু বছর পর পরিবেশবাদীরা তার নিঃস্বার্থ কাজের গুরুত্ব উপলব্ধি করে তার নামে পদক চালু করেন। জীবিতাবস্থায় একজন মানুষের প্রাপ্য মর্যাদা না দেওয়া এবং মৃত্যুর পর তাকে নিয়ে বন্দনা করার এই সামাজিক দ্বিচারিতা ফুটিয়ে তোলা হয় নাটকটিতে।
নাটকটিতে অভিনয় করেন শাহ জাহাঙ্গীর, ইরা নাহার, মেহেদী হাসান, আনিসুর রহমান, তন্ময় সরকার ও হাসিব হক।
এর আগে বিকেল সাড়ে তিনটায় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাউল ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। বন্ধুসভার সদস্য গামছা কাজল পরিবেশন করেন লালনগীতি ‘চাতক স্বভাব না হলে’, মিঠুন দাস পরিবেশন করেন হাসন রাজার গান ‘বাউলা কে বানাইলো রে’ এবং গোবিন্দ বাকচী গেয়ে শোনান ‘আমি বাংলায় গান গাই’। এ ছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া শিল্পী লাইলী বেগম ‘করি মানা কাম ছাড়ে না’ এবং আধুনিক গান ‘সবাই ভালোবাসতে জানে না’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
আগস্ট ১১, ২০২৫
মার্চ ১৮, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।