কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারিই, আবেদনের জিপিএ শর্ত শিথিল

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:১১ পিএম
শেয়ার করুন:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২ জানুয়ারিই, আবেদনের জিপিএ শর্ত শিথিল

কৃষি গুচ্ছভুক্ত দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ২ জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে। আপাতত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয় কমিটির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে এবার আবেদনের ন্যূনতম জিপিএ শর্ত কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে সংশ্লিষ্ট উপাচার্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী জানুয়ারি থেকে এই গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তবে ইউজিসির মতবিনিময় সভা শেষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত উপাচার্যদের নিয়ে পৃথক আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে পরীক্ষা না পেছানোর বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়। এ প্রসঙ্গে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কিছু প্রতিষ্ঠান তাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেনি; তাই আপাতত কৃষি গুচ্ছের তারিখও পরিবর্তন হচ্ছে না। নির্ধারিত ২ জানুয়ারিই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরবর্তীতে সরকারিভাবে কোনো নোটিশ বা নির্দেশনা এলে তারিখ পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি আরও জানান, গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দমতো কেন্দ্র নির্বাচনের সুযোগ পাবেন।

এদিকে শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে এবার আবেদনের যোগ্যতায় জিপিএ শর্ত কিছুটা সহজ করা হয়েছে। আগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৪.০০ এবং মোট জিপিএ-৮.৫০ থাকতে হতো। এবার তা কমিয়ে চতুর্থ বিষয়সহ উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ-৮.০০ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কৃষি গুচ্ছ পদ্ধতিতে দেশের কৃষি ও কৃষিসংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমন্বিতভাবে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন। গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো— বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।