বরিশালের আগৈলঝাড়ায় জাপানের রাষ্ট্রদূতের সফর, হস্তশিল্প ভবন উদ্বোধন

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১১:১৫ পিএম
শেয়ার করুন:
বরিশালের আগৈলঝাড়ায় জাপানের রাষ্ট্রদূতের সফর, হস্তশিল্প ভবন উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সফর করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি (H.E. Saida Shinichi)। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে তিনি উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে অবস্থিত ‘তরঙ্গ শান্তি ভবন’-এর কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানের অর্থায়নে নির্মিত একটি হস্তশিল্প ভবনের উদ্বোধন করেন। 

সফর উপলক্ষে তরঙ্গ শান্তি ভবন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। তরঙ্গের নির্বাহী পরিচালক কোহিনূর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি। 

তরঙ্গ কদমবাড়ি, আগৈলঝাড়ার ব্যবস্থাপনা পরিচালক শুভ সমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান এবং উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, হস্তশিল্প ও বিভিন্ন পাটজাত পণ্য তৈরির মাধ্যমে স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কাজ করে যাচ্ছে তরঙ্গ। পাশাপাশি নারীদের শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে রাষ্ট্রদূত সাইদা শিনিচি জাপানের অর্থায়নে হস্তশিল্প কার্যক্রমের জন্য নির্মিত ভবনটির উদ্বোধন করেন। পরে তিনি স্থানীয় নারীদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও পাটজাত পণ্যের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং তাদের উৎপাদিত পণ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

জাপানি রাষ্ট্রদূতের এই সফর স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে রাষ্ট্রদূতের সফর ঘিরে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।