থানচিতে চলতি বছরের প্রথম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
১৫ নভেম্বর, ২০২৬ ১০:১২ পিএম
শেয়ার করুন:
থানচিতে চলতি বছরের প্রথম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান্দরবানের থানচি উপজেলায় চলতি বছরের প্রথম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার (১৪ ও ১৫ নভেম্বর) উপজেলার বলীপাড়া ইউনিয়নের হাইলমারা পাড়া ধম্মজয়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিহারের দায়ক-দায়িকাদের উদ্যোগে ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও দুই দিনব্যাপী স্বধর্ম সভার আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সূচনা হয় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং মঙ্গলাচরণের মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে বুদ্ধবন্দনা, বুদ্ধমূর্তি উৎসর্গ, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, পূজনীয় ভিক্ষুসংঘকে প্রাতরাশ ও পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, সংঘদান এবং কল্পতরুসহ নানা ধরনের দান-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্বশান্তি ও জগতের সব প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননাও দেওয়া হয়।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপজেলা ভিক্ষুসংঘ পরিষদের সভাপতি উঃ উইসারাদা মহাথেরো। অনুষ্ঠানের শুরুতে আগত ধর্মীয় গুরুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দানোৎসবে বিভিন্ন বৌদ্ধ বিহারের পূজনীয় ভিক্ষুসংঘ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারিসহ কয়েক শ দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ দলবদ্ধভাবে অংশ নেন। শেষ দিন সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলন ও ফানুস উত্তোলনের মধ্য দিয়ে ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।