বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

অনলাইন ডেস্কঃ
১৫ নভেম্বর, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোর-বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তৎপর রয়েছেন বিজিবি সদস্যরা।

এদিকে সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে যশোর ৪৯ বিজিবি। এ উপলক্ষে রোববার বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান।

মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানের মতো অপরাধ দমনে বিজিবি সব সময় তৎপর। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সীমান্তে কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধের তথ্য পাওয়া গেলে তা বস্তুনিষ্ঠভাবে সংবাদে প্রকাশের পাশাপাশি সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে। বিজিবি ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্তের অপরাধ দমন আরও সহজ হবে।

সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিজস্ব মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। 

সবশেষে সীমান্ত সুরক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির নজরদারি আরও কার্যকর করা, স্থানীয় পর্যায়ে তথ্য আদান-প্রদান বাড়ানো এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।